রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলির শব্দে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা জোরদারসহ সাময়িক লকডাউন জারি করা হয়।
মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টার কিছু পর হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চেকপয়েন্টের কাছে এসে এক ব্যক্তি হঠাৎ পিস্তল উঁচিয়ে গুলি চালাতে শুরু করেন। সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। তবে সিক্রেট সার্ভিসের কোনো সদস্যের ক্ষতি হয়নি। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন এবং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।
ঘটনার সময় হোয়াইট হাউসের বাইরে থাকা সাংবাদিকরা জানান, প্রায় ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এবিসি নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে রিপোর্টিংয়ের সময় তাকে মাটিতে আশ্রয় নিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়েছে এবং এফবিআই (FBI) ঘটনাটি তদন্তে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে। উল্লেখ্য, চলতি মাসেই হোয়াইট হাউসের আশপাশে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা।