বুধবার, ১০ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ফিরিয়ে আনতে আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনি প্রক্রিয়ার শুরু হতে পারে তৃণমূলের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে।
ইসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছরই ৩,৭৫৫টি নির্বাচনযোগ্য হবে। এছাড়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদও নির্বাচনের উপযোগী অবস্থায় রয়েছে। নতুন করে বগুড়াকে সিটি করপোরেশন ও ৫টি নতুন উপজেলা অনুমোদনের ফলে এই কাঠামো আরও বিস্তৃত হয়েছে। কর্মকর্তারা জানান, ইউপি চেয়ারম্যানরা উপজেলা ও জেলা পরিষদের নির্বাচনি ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে হওয়া জরুরি।
এবারের নির্বাচনগুলো দলীয় প্রতীক ছাড়া আয়োজনের প্রস্তুতি চলছে। ফলে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি ও সামাজিক গ্রহণযোগ্যতা বেশি গুরুত্ব পাবে। একই সাথে ইসি প্রার্থীদের জামানত বৃদ্ধি, স্বতন্ত্র প্রার্থীদের ভোটার স্বাক্ষর বাধ্যবাধকতা বাতিল এবং অনলাইনে মনোনয়ন জমা প্রত্যাহারসহ আইন ও বিধিমালায় বেশ কিছু বড় পরিবর্তনের আভাস দিয়েছে। প্রথাগত সংলাপের পরিবর্তে ইসি এবার ওয়েবসাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতামত নেবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দুটো একসঙ্গেও হতে পারে।