বুধবার, ১০ Jun ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে আবারও বড় পর্দায় ফিরছেন টলিউডের লাস্যময়ী অভিনেত্রী রাইমা সেন। পরমব্রতেরই পরিচালনায় ‘আবার হাওয়া বদল’ সিনেমার মাধ্যমে ফিরছে এই জনপ্রিয় জুটি। সম্প্রতি এই সিনেমার প্রচারণায় গিয়ে এই দুই তারকা নিজেদের ব্যক্তিগত জীবন ও দর্শকদের নানা মজার ধারণা নিয়ে মুখ খুলেছেন।
সিনেমার প্রচার অনুষ্ঠানে পরমব্রত মজা করে জানান, অনেকেই ভাবেন রাইমা এবং পরমব্রত বাস্তবে বিবাহিত! পরমের এই কথার সঙ্গে হাসিমুখে সহমত পোষণ করেন রাইমাও। এক সাক্ষাৎকারে রাইমা বলেন, “অনেকে এখনো ভাবেন পরম আমাকে বিয়ে করেননি বলে তারা খুব দুঃখ পেয়েছেন। ইনস্টাগ্রামেও অনেকে বলেন, আপনাকে আর বিয়ে করতে হবে না, পরমের তো বাচ্চাও হয়ে গেছে।” পরিচালক হিসেবে পরমব্রত খুবই শান্ত প্রকৃতির এবং দীর্ঘদিনের কাজের সূত্রে তাদের মধ্যে দারুণ এক ‘কমফোর্ট জোন’ তৈরি হয়েছে বলেও জানান রাইমা।
টলিউডের প্রথম সারির অধিকাংশ নায়িকা বিয়ে করে থিতু হলেও ৪৬ বছর বয়সী রাইমা সেন এখনো সিঙ্গেল ও অবিবাহিত। রাইমার বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ না থাকলেও, পরমব্রত ২০২৩ সালে বিয়ে করে ইতিমধ্যে এক পুত্রসন্তানের বাবা হয়েছেন।