মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েল ও ইরান অন্তত আগামী এক সপ্তাহের জন্য একে অপরের ওপর হামলা চালানো থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) নিউ ইয়র্কে বাস্কেটবল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। ট্রাম্প দাবি করেন, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং দুই পক্ষই আপাতত সংঘাতের ইতি টানতে সম্মত হয়েছে।
ট্রাম্পের মূল্যায়ন ও নেতানিয়াহুর পদক্ষেপ
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, নেতানিয়াহু আক্রান্ত হয়েছিলেন এবং তিনি পাল্টা আঘাত করেছেন। এর জন্য আমি তাকে মোটেও দোষ দিতে পারি না। তিনি আরও যোগ করেন, যেহেতু দুই পক্ষই একে অপরকে আঘাত করেছে, তাই তারা এখন বিষয়টির নিষ্পত্তি করেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তারা অন্তত আরও এক সপ্তাহ একে অপরকে আর ঘাঁটাবে না।
হরমুজ প্রণালি ও পরমাণু চুক্তি
এই আলোচনার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প দুটি বড় কূটনৈতিক ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এমন একটি চমৎকার চুক্তির শেষ পর্যায়ে রয়েছে, যা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। এছাড়া চুক্তি স্বাক্ষরের পরপরই, আগামী দুই বা তিন দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ ‘হরমুজ প্রণালি’ অবিলম্বে খুলে দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।