বুধবার, ১০ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে দেশের পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ জুন) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বাজেট প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, আগামী অর্থবছরে দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। বিশাল অবকাঠামো ও বিপুল সংখ্যক ভোটকেন্দ্রের কারণে এই পাঁচ স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি ব্যয় হবে। তবে চূড়ান্ত বাজেটে এই বরাদ্দের পরিমাণ কিছুটা কমতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
এদিকে, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরাদ্দকৃত ৩ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার ২০০ কোটি টাকার কিছু বেশি ব্যয় হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সংসদ নির্বাচনের বরাদ্দের একটি অংশ এখনও অব্যবহৃত রয়েছে। কমিশন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে সাশ্রয়ীভাবে নির্বাচন পরিচালনার চেষ্টা করছে এবং স্থানীয় সরকার নির্বাচনেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।