মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

দর্শক আনন্দ পেলেই সেটাই সবকিছু: ‘মালিক’ সিনেমা নিয়ে আরিফিন শুভ

দর্শক আনন্দ পেলেই সেটাই সবকিছু: ‘মালিক’ সিনেমা নিয়ে আরিফিন শুভ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সময়, সুযোগ আর দর্শকের ভালোবাসাকেই নিজের ক্যারিয়ারের প্রধান শক্তি হিসেবে দেখছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমা নিয়ে আলোচনার মধ্যেই নিজের অভিনয়জীবন, সময়ের মূল্য এবং দর্শকপ্রাপ্তি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। তাঁর মতে, একজন শিল্পীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাওয়া সুযোগের সঠিক ব্যবহার করা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ‘মালিক’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে শুভ বলেন, “যখন যে সুযোগ আসে, সেটার সৎ ব্যবহার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে এই সুযোগটা এসেছিল এবং আমি তার সঠিক ব্যবহার করেছি। সময় সময়ই হয়, বাকি বিষয়টা কেবল টাইমিং মেলার।”

বিশ্ব চলচ্চিত্রে বড় বাজেটের সিনেমার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ৪০০ বা ৫০০ কোটি রুপির সিনেমার সঙ্গে আমাদের তুলনা চলে না। তবে আমাদের দর্শকেরা যদি দেশের বাইরের ভিন্নধারার সিনেমার স্বাদ দেশীয় চলচ্চিত্রে পান, সেটাই বড় প্রাপ্তি।

চলচ্চিত্রের সাফল্যের মাপকাঠিতে শুভ সবচেয়ে বেশি গুরুত্ব দেন দর্শকের প্রতিক্রিয়াকে। তিনি বলেন, “দর্শক আনন্দ পেলেই সেটাই সবকিছু। তাদের ভালো লাগা এবং উচ্ছ্বাসই আমাদের কাজের সবচেয়ে বড় সার্থকতা।”

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। যারা এখনো সিনেমাটি দেখেননি, তাদের প্রেক্ষাগৃহে গিয়ে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন আরিফিন শুভ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com