শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপ এলেই লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এক অদৃশ্য ঐক্যের সুর বাজে। নিজেদের দল বাদ পড়লে প্রতিবেশী লাতিন দেশের পতাকায় সমর্থন জোগানোর সংস্কৃতি দীর্ঘদিনের। কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই চিরচেনা ছবিটা যেন পুরোপুরি বদলে গেছে। ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিম ও মন্তব্যে স্পষ্ট—লাতিন আমেরিকার বড় একটি অংশ এবার আর্জেন্টিনার বদলে স্পেনের জয় দেখতে চায়।
এই বিরোধিতার সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের গায়ের ব্রাজিলের জার্সি পরা একটি ভাইরাল ছবি, যেখানে লেখা ছিল, ‘ব্রাজিলিয়ানদের শেষ আশা।’ মেক্সিকো, কলম্বিয়া, চিলিসহ আরও অনেক দেশের সমর্থকরা চাইছেন লিওনেল মেসির আর্জেন্টিনা যেন এবার শিরোপা জিততে না পারে।
বিশ্লেষকদের মতে, এর পেছনে শুধু ফুটবল নয়, আছে নানা জটিল সমীকরণ। ফিফার রেফারিং নিয়ে বিতর্ক, আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ে মিলেইয়ের রাজনৈতিক ভাবমূর্তি এবং অতীতে আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে ওঠা বর্ণবাদী মন্তব্যের অভিযোগ—সব মিলিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমনকি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমও জনসমক্ষে স্পেনকে সমর্থনের কথা জানিয়েছেন।
তবে এত বিতর্ক আর বিরোধিতার মধ্যেও আর্জেন্টিনা অবিচল। ফাইনালের আগে মেসি তার লক্ষ্য ও দলের আত্মবিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মাঠে হাজারো সমর্থকের ‘মেসি’ চিৎকারে এটিও পরিষ্কার যে, লাতিন আমেরিকার সবাই কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে নয়। তবুও, ২০২৬ বিশ্বকাপের এই ফাইনাল কেবল স্পেন বনাম আর্জেন্টিনার লড়াই নয়; বরং এটি লাতিন আমেরিকার ভেতরে তৈরি হওয়া নতুন এক সামাজিক ও রাজনৈতিক বিভাজনের প্রতিচ্ছবি।