সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
“১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” স্লোগান নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবির, সহকারী শিক্ষক অঞ্জন সরকার বাবন, মো. শফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মাজেদা আক্তার পুষ্প, মনোয়ারা খাতুন, শহীদুল ইসলাম দুলাল, মো. সাদেকুল ইসলাম, এবং মো. ইসমাইল শেখ।

বক্তারা জানান, “আমরা সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমাদের যোগ্যতা স্নাতক বা সমমানের হলেও, আমাদের বেতন এখনো দশম গ্রেডে উন্নীত করা হয়নি। অথচ সমমানের যোগ্যতায় মাধ্যমিক শিক্ষকদের এবং অন্যান্য সরকারি পেশাজীবীরা দশম গ্রেডে বেতন পাচ্ছেন।”

তারা আরও বলেন, “আমরা এই বৈষম্য মানতে পারি না। আমাদের দাবি হলো, অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করা হোক। অন্যথায় সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বক্তারা নির্দলীয় সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষকদের প্রাণের দাবি বিবেচনা করে দ্রুত দশম গ্রেডের বাস্তবায়ন নিশ্চিত করতে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com