সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কিনতে বাংলাদেশ শত কোটি (বিলিয়ন) ডলারের চুক্তিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
গোর জানান, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্য ও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টির বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তিটি হয়েছে। তবে নতুন করে কতটি উড়োজাহাজ কেনা হবে এবং মোট ব্যয় বা সরবরাহের সময়সীমা কী—সে সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩০ জুলাই গোরের ঢাকা সফরের পর থেকেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনা গতি পায়।