সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনকে মন থেকে পুরোপুরি মুছে ফেলা কি সত্যিই এত সহজ? যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণা বলছে, বিচ্ছেদের পর প্রাক্তনের প্রতি আবেগ ও মানসিক টান কমতে মানুষের ধারণার চেয়ে অনেক বেশি সময় লাগে।
Social Psychological and Personality Science সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, ৩২০ জন প্রাপ্তবয়স্কের দীর্ঘমেয়াদি সম্পর্ক বিচ্ছেদের তথ্য বিশ্লেষণে প্রাক্তনের প্রতি মানসিক টান অর্ধেক কমে আসতে গড়ে ৪.১৮ বছর সময় লাগে। আর এই টান পুরোপুরি ফিকে হতে সময় লেগে যেতে পারে প্রায় ৮ বছর!
গবেষকদের মতে, নতুন সম্পর্কে জড়ালেই যে পুরোনো টান দ্রুত কমে যায়—এমনটা নয়। তবে বিচ্ছেদের পরও যোগাযোগ রাখা কিংবা অতিরিক্ত মানসিক উদ্বিগ্নতা এই বন্ধনকে দীর্ঘস্থায়ী করে। তবে বহু বছর পর প্রাক্তনের কথা মনে পড়া মানেই আগের জায়গায় আটকে থাকা নয়; সময়ের সাথে সাথে স্মৃতির তীব্রতা কমে আসাই স্বাভাবিক প্রক্রিয়া।