সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্যারিস ফ্যাশন উইক মাতিয়ে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মুম্বাই বিমানবন্দরে নামার পরই তাঁর নতুন ও অভিজাত ফ্যাশন লুক নেটিজেনদের নজর কেড়েছে। বিমানবন্দরে ধারণ করা অভিনেত্রীর নতুন ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভ্রমণকালীন পোশাকে ঐশ্বরিয়ার পরনে ছিল গাঢ় প্লাম রঙের লেদার ট্রেঞ্চ কোট, সাধারণ কালো টি-শার্ট এবং গাঢ় ইন্ডিগো ফ্লেয়ারড ডেনিম। তবে তাঁর পুরো লুকের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে হাতে থাকা ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড ‘বোত্তেগা বেনেতা’র আনদিয়ামো টপ-হ্যান্ডেল ব্যাগটি। দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্যমতে, চড়া মূল্যের এই ব্যাগটির দাম প্রায় ৬ লাখ ৫০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকারও বেশি)।
সিনেমায় এখন অনিয়মিত এই অভিনেত্রী বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন শো, পরিবার ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মনি রত্নমের আলোচিত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’-তে।