সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের দুটি বিরল ছবি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যালয় ‘হোয়াইট হাউজ’।
শনিবার (৩ অক্টোবর) হোয়াইট হাউজের সৌজন্যে ছবি দুটি সর্বসাধারণের জন্য প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ট্রাম্পের নৈশভোজে বিশেষ মুহূর্ত: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে বিশ্বনেতারা নিউইয়র্কে একত্রিত হন। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’ হোটেলে রাষ্ট্রপ্রধানদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান।
একই ফ্রেমে ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমান: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, প্রথম ছবিটি নৈশভোজে তোলা। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাঁ পাশে জুবাইদা রহমানকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান: দ্বিতীয় ছবিটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পরবর্তী দিন তোলা হয়। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশ্বনেতাদের সহধর্মিণীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ক্যামেরাবন্দি হন জুবাইদা রহমান। ছবির পেছনের ব্যানারে মেলানিয়া ট্রাম্পের সামাজিক উদ্যোগের মূল স্লোগান ‘বি বেস্ট’ (Be Best) লেখা ছিল।