শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারি এবং অহেতুক গাড়ি জব্দ করার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই কিংবা সামান্য ইউটার্ন নেওয়ার অজুহাতে তাঁদের অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। নির্ধারিত কাগজের ছাড়পত্র হাতে থাকার পরও গাড়ি ফেরত পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ধানমন্ডিসহ অনুমোদিত বিভিন্ন উপ-সড়কে চলাচলেও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছে বলে দাবি তাঁদের। চালকেরা স্পষ্ট জানান, তাঁরা প্রধান সড়ক যেমন মিরপুর রোডে চলাচলের দাবি করছেন না; বরং যেসব এলাকায় চলাচলের অনুমতি রয়েছে, সেখানে নির্বিঘ্নে গাড়ি চালাতে চান। গাড়ি আটকে রাখার ফলে আয় বন্ধ হয়ে পরিবার চালানো এবং কিস্তির টাকা শোধ করা অসম্ভব হয়ে পড়ছে জানিয়ে অবিলম্বে জব্দকৃত অটোরিকশা ফেরত দেওয়া ও হয়রানি বন্ধের জোর দাবি জানান আন্দোলনকারীরা।