মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এর আগে রোববার রাতে রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সেনাসদস্য গুলশান আরার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দায়িত্বশীল সূত্র জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে ওই দুই সাবেক সেনা কর্মকর্তার সরাসরি যোগসাজশের তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।