মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পাবনার সাঁথিয়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের মানবিক হস্তক্ষেপে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে মাকে কাছে রাখতে সম্মত হয়েছেন গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন। মাকে সঙ্গে রাখার প্রতিবাদে আগে ‘আত্মহত্যার’ হুমকি দিলেও, শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে মা ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। আদালতের এই দৃষ্টান্তমূলক মধ্যস্থতায় দীর্ঘদিনের টানাপোড়েন শেষে মা ও ছেলের মুখে হাসি ফুটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন তাঁর বৃদ্ধ ও অসুস্থ মা মুন্নি খাতুনকে (৫০) নিজের কাছে রেখে ভরণপোষণ দিতে রাজি ছিলেন না। স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে মুন্নি খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানান। গত ৮ অক্টোবর ইউএনও কার্যালয়ে শুনানিকালে ইউএনও সেলিম আহমেদ সাগরকে মানবিক হওয়ার অনুরোধ জানালেও তিনি অনড় থাকেন এবং একপর্যায়ে ‘মাকে সঙ্গে দিলে সুইসাইড করব’ বলে হুমকি দেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।
বিষয়টি পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি ম্যাজিস্ট্রেটের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে রোববার (১১ অক্টোবর) মা ও ছেলেকে আদালতে হাজির করার নির্দেশ দেন। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান তাঁদের আদালতে হাজির করলে বিচারকের উপদেশ ও নির্দেশনায় সাগরের ভুল ভেঙে যায়। তিনি কান্নাভেজা চোখে মাকে জড়িয়ে ধরেন এবং আজীবন যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে আনন্দের অশ্রুতে ছেলেকে মাফ করে দেন ভুক্তভোগী মা মুন্নি খাতুন।