মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরী (৪৫)। গত শনিবার (১০ অক্টোবর) দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রোববার (১১ অক্টোবর) বিকেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির দেওয়া মৃত্যুসনদ ও বাংলাদেশ দূতাবাসের তথ্যে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের সন্তান মুফতি নাসরুল্লাহ গত শনিবার মাদ্রাসার ৪৫ জন শিক্ষক ও কর্মচারীর একটি দলের নেতৃত্ব দিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। রিয়াদ বিমানবন্দরে নেমে জেদ্দাগামী সংযোগকারী (ট্রানজিট) ফ্লাইটের বোর্ডিং পাস নেওয়ার জন্য সামনে অবস্থান করছিলেন তিনি। এ সময় তাঁর মাত্র ১০ থেকে ১৫ হাত দূরে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নাসরুল্লাহর বড় ভাই মাওলানা আহসান উল্লাহ বদর তাঁর ভাইয়ের মরদেহ দ্রুত সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় এতিম হওয়া নাসরুল্লাহর তিন শিশুর জন্য উপযুক্ত ক্ষতিপূরণের আকুতি জানিয়েছেন স্বজনেরা। উল্লেখ্য, ইয়েমেনের বিরুদ্ধে চলমান লড়াইয়ের অংশ হিসেবে রিয়াদ বিমানবন্দরে চালানো ওই হুথি হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।