শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত এক দিনে আক্রান্তদের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৩২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ৩৬৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ১৭৮ জন।
বিভাগীয় মৃত্যু পরিসংখ্যানে দেখা যায়, খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই।