মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও পুলিশ বাহিনীকে নতুন করে পুনর্গঠনের লক্ষ্যে একযোগে ১৪ হাজার নতুন জনবল নিয়োগের বড় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার এসআই পদের শতভাগই সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ নিয়োগ প্রস্তাবের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে শতভাগ সরাসরি নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।
বিদ্যমান পিআরবি অনুযায়ী, এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ শতাংশ সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে পূরণ করার বিধান ছিল। তবে সংশোধিত নতুন সিদ্ধান্তের ফলে এবার পুরো ৪ হাজার এসআই পদেই সরাসরি পরীক্ষা ও বাছাইয়ের মাধ্যমে নতুন মুখ যুক্ত করা হবে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ১৪ হাজার সদস্য নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে এসব নতুন পদ সৃজন করা হয়েছে। প্রবিধান সংশোধন করে আপাতত এককালীনভাবে ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের বিধান কার্যকর করা হলেও রাষ্ট্রের প্রয়োজনে ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ বাহিনীতে পেশাদারত্ব প্রতিষ্ঠা ও স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো ঝুঁকি রোধে এ বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্তে বিভাগীয় পদোন্নতির অপেক্ষায় থাকা নিয়মিত সদস্যদের মধ্যে মাঠপর্যায়ে কিছুটা অসন্তোষ বা হতাশা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।
এদিকে বাহিনীতে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের ঘাটতি মেটাতে ৫২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন কর্মকর্তা নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত দায়িত্বভার গ্রহণের স্বার্থে তাঁদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কিছুটা কমানোর বিষয়টিও ভাবা হচ্ছে। নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও কঠোর গোয়েন্দা যাচাই-বাছাই নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিয়েছে কর্তৃপক্ষ।