মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছয় বছর বয়সী শিশুপুত্র রাজিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তিনি উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবা শাহীন ও তাঁর শিশু ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে; তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।