শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বর্তমান বৈশ্বিক বাস্তবতায় শক্তি প্রয়োগের প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে ‘জোর যার মুল্লুক তার’ নীতিটি দিন দিন বাস্তবে রূপ নিচ্ছে। চারদিকে তাকালেই এর স্পষ্ট নজির চোখে পড়ে। শালীনতার স্বার্থে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের নাম উল্লেখ না করলেও তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতা বা রাজনীতির চেয়ে মানবতা ও মানবাধিকারই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আইন বিভাগ আয়োজিত ‘সামসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, “বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন পণ্যে পরিণত হয়েছে মানুষের অমূল্য জীবন। এই বক্তব্যের পেছনে অসংখ্য বাস্তবিক প্রমাণ রয়েছে, যার জন্য আলাদা কোনো তথ্যসূত্র বা উদ্ধৃতির প্রয়োজন পড়ে না; চারপাশের দিকে তাকালেই তা স্পষ্ট দেখা যায়।”
মানবাধিকারের মূল চেতনা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা বাঘ, কচ্ছপ, শিশু কিংবা শ্রমিকের অধিকার নিয়ে নানা শ্রেণিবিন্যাস তৈরিতে এতটাই মগ্ন হয়ে পড়েছি যে অধিকারের মূল ভিত্তি—‘মানব’ শব্দটাই ভুলতে বসেছি। আমরা কি এমন একটি দিনের কথা বলতে পারি, যেদিন কোনো একটি দেশ বা নিদেনপক্ষে একটি শহরেও কোনো নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেনি? আমার স্মৃতিতে এমন কোনো দিন পড়ে না।”
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্কের একটি বুনিয়াদি নীতি হলেও মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকারের সুরক্ষায় সম্মিলিত দায়িত্ব পালন করা রাষ্ট্রের আবশ্যিক কর্তব্য। আইনের শাসনকে কেবল রাষ্ট্র পরিচালনার যন্ত্র না বানিয়ে অন্যায়, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে দাঁড় করাতে হবে।”
উপাচার্য আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, প্রাইভেট মিলিটারি বা বেসরকারি বাহিনী, অবৈধ অভিবাসন এবং আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত নতুন নতুন আইনি ও নৈতিক সংকট তৈরি করছে। এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথাগত ধারণার বাইরে গিয়ে উদ্ভাবনী আইনি চিন্তাভাবনা ও আন্তবিষয়ক গবেষণার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আনজুসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক এবং আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।