মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

হাম উপসর্গে ‍আরও ২ মৃত্যু

হাম উপসর্গে ‍আরও ২ মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সারাদেশে উদ্বেগজনক হারে বিস্তার অব্যাহত রেখেছে সংক্রামক ব্যাধি হাম। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আরও ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনা করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন সিলেট এবং অন্যজন খুলনায় চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে গত ২৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশব্যাপী মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে রোগতাত্ত্বিক পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের শরীরে।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন রোগী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com