মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। পরিসংখ্যানে দেখা গেছে, এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার সাধারণ গড় হারের চেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং মোট ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সকাল থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফল ও মার্কশিট সংগ্রহ করতে পারছেন।