মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ কম। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৯৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য (ফেল) হয়েছে। এছাড়া সারাদেশে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিসংখ্যানে দেখা যায়, গত বছর গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ; সেই তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। একই সঙ্গে বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। গতবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, যা এবার ৯১টি বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার সূচি ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত রাখতে হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নিয়ে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের জন্য দেশব্যাপী ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।