মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সামগ্রিক ফলাফল সন্তোষজনক হয়নি বলে স্পষ্ট মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এই ফলাফলের ঘাটতি কাটিয়ে ভবিষ্যতে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষার ফলাফল আমাদের জন্য কোনোভাবেই সন্তোষজনক হয়নি। তবে এই সমস্যা ও দুর্বলতাগুলো কীভাবে চিহ্নিত করে দ্রুত কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং সকল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ভবিষ্যতে ফলাফল আরও উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, ফলাফলের এই ঘাটতি পূরণের জন্য আমরা বিশেষ করে সম্মানিত অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদেরও অনুরোধ করব—যাতে আগামী দিনে আমাদের শিক্ষার্থীদের রেজাল্ট আরও সুন্দর ও মানসম্মত হয়।
এ সময় প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) সুযোগের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে এ সংক্রান্ত আবেদন করা যাবে।
উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। বিপরীতে পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।