মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চ্যাম্পিয়নস লিগে পিএসজি এবং এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে টানা দুই পরাজয়ের ধাক্কা দারুণভাবে কাটিয়ে উঠল বার্সেলোনা। শনিবার রাতে আলাভেসকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হান্সি ফ্লিকের দল। দলের জয়ে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ও তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। বাকি দুটি গোল এসেছে ফেরমিন লোপেস ও বদলি ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের পা থেকে।
এর আগে দিনের অপর ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। তবে আলাভেসের বিপক্ষে এই গোল উৎসবের মধ্য দিয়ে আবারও দুই পয়েন্টের ব্যবধানে এককভাবে শীর্ষস্থান পুনরুদ্ধার করল কাতালানরা।
স্পেনের তোলেদো প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের স্মরণে দিনের প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইনজুরি জর্জরিত রক্ষণভাগ সামলাতে গিয়ে কিছুটা ভিন্ন ছকে দল নামাতে বাধ্য হন বার্সা বস হান্সি ফ্লিক। ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়ংকে নামানো হয় সেন্টারব্যাক পজিশনে, আর তরুণ ব্রায়ান ফারিনাসকে প্রথমবারের মতো রাইটব্যাক হিসেবে একাদশে সুযোগ দেওয়া হয়। তবে নতুন এই কম্বিনেশনে দলের আক্রমণের ধার এতটুকু কমেনি। ম্যাচের অষ্টম মিনিটেই পেদ্রি ও ফেরমিন লোপেসের দারুণ বোঝাপড়ায় নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। ২৩ মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন লোপেস। প্রথমার্ধেই নিজের দ্বিতীয় এবং লিগের ১৫তম গোল করেন রাফিনিয়া। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান ৪-০ করেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের তোড় আরও বাড়ে। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে গোলরক্ষকের ওপর দিয়ে দর্শনীয় চিপে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ইয়ামাল। কিছুক্ষণ পর একই শৈলীতে দলের ষষ্ঠ গোলটি করেন অ্যান্থনি গর্ডন। ম্যাচের শেষভাগে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজ আলাভেসের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল শোধ করেন।
এদিকে ভ্যালেন্সিয়ায় লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয়ে লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দলের জয়ে গোল করেন আলেহান্দ্রো গ্রিমালদো ও জুলিয়ানো সিমিওনে। দুটিতেই অবদান ছিল অ্যালেক্স বায়েনার। এই জয়ের মধ্য দিয়ে আতলেতিকোর ডাগআউটে লা লিগায় নিজের ৩৪৪তম জয় তুলে নিয়ে কিংবদন্তি কোচ লুইস আরাগোনেসের সর্বোচ্চ জয়ের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করলেন ডিয়েগো সিমিওনে।