মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

হাইকোর্টে জামিন চাইলেন আখতারুজ্জামান

হাইকোর্টে জামিন চাইলেন আখতারুজ্জামান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

রবিবার (১ নভেম্বর) তাঁর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দাখিল করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতসহ বিচারিক আদালতে তাঁর জামিন আবেদন দুই দফায় খারিজ হয়। গত সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এর পূর্বে গত ৪ অক্টোবর এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতও জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকালে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান। ওই সময় অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রলি সরবরাহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়।

অভিযোগে বলা হয়, এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে জোরপূর্বক ট্রলি নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে লাগেজ পেতে অতিরিক্ত বিলম্ব হওয়া এবং জমজমের পানি যথাসময়ে না পাওয়াকে কেন্দ্র করে কিছু যাত্রী চরম উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় সরকারি কাজে বাধা ও লাঞ্ছনার অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন। পরদিন ২ অক্টোবর আইন প্রয়োগকারী সংস্থা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com