মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।
সোমবার (২ নভেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকেই দেশব্যাপী নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে গত ৩০ ও ৩১ অক্টোবর পরপর দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৭ হাজার ১১৪ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় নামিয়ে আনা হয়েছিল। তবে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে দাম বাড়তির দিকে নিল বাজুস।
এদিকে স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, অলঙ্কারের ডিজাইন ও ক্যাটালগ অনুযায়ী নির্দিষ্ট মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।