মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ধান্দাবাজরা: জামায়াত আমির

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ধান্দাবাজরা: জামায়াত আমির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা এ শিল্প পুরোপুরি ধ্বংসের পাঁয়তারা করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন কারখানায় ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনায় সরকারের প্রতি অবিলম্বে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনও অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ও চরম ক্ষতিকর ঘটনা ঘটছে। তিনি দৃঢ়ভাবে বলেন, “কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি বিশ্বাস করি, কোনো প্রকৃত দেশপ্রেমিক শ্রমিক কখনোই এ ধরনের আত্মঘাতী কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না।”

পরিস্থিতির পেছনের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতিকে পরিকল্পিতভাবে উসকে দিয়ে দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সরকারকে কালবিলম্ব না করে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, চলমান অচলাবস্থার মুখে ইতিমধ্যে দেশের প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সামনেই শীত মৌসুম, যা বৈশ্বিক বাজারে পোশাকশিল্পের বড় ধরনের রপ্তানি সম্ভাবনা তৈরি করে। সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দেওয়ার পেছনে গভীর কোনো আন্তর্জাতিক বা দেশীয় ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের স্বার্থ ও দেশের ভাবমূর্তি রক্ষায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ আন্তরিক, দায়িত্বশীল ও সতর্ক থাকার জোর তাগিদ দেন জামায়াত আমির।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com