মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবের আনন্দ পরিণত হলো রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে। উৎসব ঘিরে একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৯৪ জন গুরুতর আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম প্রাঙ্গণ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব গুলিবর্ষণের ঘটনা ঘটে।
দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার রাতে দেশজুড়ে হ্যালোইন উৎসব চলাকালে এসব ভয়াবহ সহিংসতার সূত্রপাত হয়। এর মধ্যে টেক্সাসের ডালাসের ডিপ এলাম এলাকায় ১ নভেম্বর ভোরে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণে অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মার্কিন পুলিশের তথ্যমতে, হ্যালোইনের রাতে দেশব্যাপী সংঘটিত পৃথক বন্দুক হামলায় মোট ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৯৪ জন। তবে সাম্প্রতিক বছরগুলোর হ্যালোইন উৎসবের তুলনায় এবার সহিংসতার মাত্রা বেশি কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সহিংসতা ও অপরাধ বিশ্লেষকদের মতে, হ্যালোইন আমেরিকার জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ একটি সময়। এ রাতে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন অদ্ভুত পোশাক পরে রাস্তায় নামেন। এর সাথে গভীর রাতে অ্যালকোহল ও মাদকের অতিরিক্ত ব্যবহার এবং যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা মিলেমিশে এই সহিংস পরিস্থিতি তৈরি করে।
নর্থইস্টার্ন ইউনিভার্সিটির খ্যাতনামা অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত এফবিআইয়ের অপরাধ সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর তালিকায় ৩১ অক্টোবরের অবস্থান তৃতীয় (প্রথম দুটি যথাক্রমে ৪ জুলাই ও ১ জানুয়ারি)। ফক্স সতর্ক করে জানান, অপ্রাপ্তবয়স্কদের জন্য ৩১ অক্টোবর সবচেয়ে বিপজ্জনক দিন; কারণ এ রাতে তারা সন্ধ্যার পর দীর্ঘক্ষণ বাইরে থাকে এবং অপরিচিত মানুষের সংস্পর্শে আসে।
হ্যালোইন উৎসব ঘিরে এমন ব্যাপক প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে বন্দুক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।