মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সড়ক অবরোধের মুখে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কয়েক হাজার শ্রমিক দলবদ্ধ হয়ে সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। আত্মরক্ষার্থে ও মহাসড়ক সচল করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে পুলিশের অ্যাকশনে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়েন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় হঠাৎ করেই দুই থেকে চার হাজার শ্রমিক মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া বাধে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকায়ও একদল শ্রমিক জড়ো হওয়ার চেষ্টা করেছিল, তবে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়েছে।