মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভক্তদের চমকে দিতে বলিউড ভাইজান সালমান খানের জুড়ি নেই। তবে এবার তাঁর দেওয়া এক ভোরবেলার চমক উল্টো তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টায় নিজের আসন্ন দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি’-র একটি বিতর্কিত আইটেম গান প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন এই বলিউড সুপারস্টার। ‘তেরি সেক্সি বিউটি’ শিরোনামের গানটি নিয়ে নেটিজেন ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও ট্রোলের বন্যা।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ খান। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সালমান খান ও মুসকান।
বুধবার ভোর ৫টা ১২ মিনিটে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গানটির ভিডিও লিংক শেয়ার করে সালমান খান এক অদ্ভুত ক্যাপশনে লেখেন, “রওনা হওয়ার সময় ভোর ৫টা ১২ মিনিট। ফ্লাইট সময়মতোই আছে। দুই পেগ পান করে আমার ‘সেক্সি বিউটিকে’ সঙ্গে নিয়ে উড়াল দিচ্ছি। জানি না কোথায় গিয়ে নামব!”
ভোররাতে এমন পোস্ট এবং দেশাত্মবোধক সিনেমার আবহে এই ধরনের চটুল গানের শব্দচয়ন একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকেরা। গানটি প্রকাশের পরপরই এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকেই সালমানের অদ্ভুত পোস্ট নিয়ে রসিকতা করছেন, আবার অনেকে গালওয়ান সংঘর্ষের মতো স্পর্শকাতর জাতীয় ইস্যুভিত্তিক চলচ্চিত্রে এমন অশালীন গানের উপস্থিতিতে চরম বিরক্তি প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে কবীর খান নামে এক ভক্ত সরাসরি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “ভাই, আপনি এটা কী ধরনের বাজে জিনিস বানালেন!” রঘু নামের একজন মন্তব্য করেন, “বাস্তব ঘটনা ও জাতীয় বীরের আত্মত্যাগের গল্প নিয়ে তৈরি সিনেমায় এসব কী ধরনের গানের কথা! বীরের চরিত্রটাকে কী বানিয়ে ফেললেন!” অমিত রাজ নামের আরেক ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, “প্রথমে দেশাত্মবোধক সিনেমার নাম পরিবর্তন করা হলো, এরপর গানও বদলানো হলো। তবে এমন অরুচিকর গান যে এ ধারার সিনেমায় থাকবে, তা কখনোই প্রত্যাশা করিনি।”
উল্লেখ্য, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার নাম শুরুতে প্রস্তাবিত ছিল ‘ব্যাটল অব গেলওয়ান’। ২০২০ সালে ভারত ও চীনা সৈন্যদের মধ্যকার রক্তক্ষয়ী গালওয়ান উপত্যকার সংঘর্ষের পটভূমিতে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক অপূর্ব লাখিয়া। ছবিতে বীর সেনানী কর্নেল বিকুমা সন্তোষ বাবুর কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন সালমান খান। সিনেমাটি ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এবং আগামী মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।