মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে আবারও লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম। সবশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায়। নতুন এই বর্ধিত মূল্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবারও ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছিল সংগঠনটি। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দুই দফায় স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় কোনো ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের তথ্য অনুসারে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়। উল্লেখ্য, বিগত ২০২৫ সালে সারা বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।