মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন বাতিল হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজির হচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
আদালতে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পরীমণি গণমাধ্যমে বলেন, “যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে, কিছুই তো করার নেই। আমি আদালতে যাব। চলমান মামলা নিয়ে তীব্র মানসিক চাপে থাকার কথা জানিয়ে তিনি আরও বলেন, এই জীবনে যা হচ্ছে, এসব তো খুব একটা আরামের না। এখন যা হচ্ছে, তা হেনস্তাই। মামলা নিয়ে আমাকে প্রচণ্ড হেনস্তা করা হচ্ছে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন শারীরিক অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন। তবে বাদীপক্ষ থেকে আসামিদের জামিন বাতিলের জোর আবেদন জানানো হলে শুনানি শেষে আদালত পরীমণির সময়ের আবেদন নামঞ্জুর করে জামিন বাতিল করেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে পরীমণি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের ঢাকা বোট ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন। একপর্যায়ে পরীমণি বিনা মূল্যে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল পার্সেল নেওয়ার চেষ্টা করেন এবং তাতে অসম্মতি জানালে নাসির উদ্দিনকে গালমন্দ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে পরীমণি তাঁর দিকে সার্ভিং গ্লাস ও হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে মারলে নাসির উদ্দিনের মাথা ও বুকে আঘাত লাগে। এছাড়া ক্লাবে ভাঙচুর ও তাঁকে মারধর করার অভিযোগও আনা হয়।
মামলাটি তদন্ত শেষে পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালের ১৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। তদন্তে পরীমণি এবং তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত।
অন্যদিকে, বোট ক্লাবের ওই রাতের ঘটনার প্রেক্ষিতে নাসির উদ্দিন মাহমুদসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় পাল্টা মামলা করেছিলেন পরীমণি। বর্তমানে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সেই মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।