মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির মূল চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে মেগা অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, অত্যাধুনিক লজিস্টিকস সুবিধা, শিল্পায়ন, জ্বালানি খাত, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় দক্ষ জনশক্তি উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সরাসরি চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার ব্যাপক ক্ষেত্র উন্মোচিত হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এর আগে এক দিনের সরকারি সফরে সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর তেজগাঁও থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান তিনি।
মোংলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন।