সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় ঘরে চোর ঢুকেছে টের পেয়ে বাড়ির লোকজন ধাওয়া দেয় চোরদের। ধাওয়ার মুখে চোরেরা পিটিয়ে ঐ বাড়ির নারীসহ চারজনকে আহত করে। চোরেরা ওই বাড়ি থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ও একটি এন্ড্রোয়েড মোবাইল চুরি করে নিয়ে গেছে।
কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই চুরি সংঘটিত হয়েছে।
এবিষয়ে শুক্রবার ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন, মোঃ নুরুল ইসলাম ফকির, তার স্ত্রী হাওয়া বেগম, মেয়ে রেখা আক্তার, মেয়ে রীমা আক্তার।
থানায় দেয়া লিখিত অভিযোগে বলা হয়, শুক্রবার ভোরের দিকে হাওয়া বেগম ফজরের নামাজ আদায়ে জন্য অযু করতে ঘরের বাহিরে বের হন। ওই ঘরে তখনও মেয়ে রেখা আক্তার ও রিমা আক্তার ঘুমাচ্ছিলেন। এ সময় কৌশলে চোরেরা ঘরে ঢুকে পড়ে। পরে অনুমান ৫ টার দিকে ঘরের ভিতরে শব্দ শুনে ঘুম ভেঙে যায় রেখা ও রিমা আক্তারের। তখন তারা দেখতে পান ঘরে ভিতরে চোরেরা ঢুকেছে। এসময় তারা চোর চোর বলে ডাক চিৎকার শুরু করেন। চিৎকার শুনে হাওয়া বেগম, বাড়ির অন্য ঘরে থাকা নুরুল ইসলাম , নূর আলম ছুটে গিয়ে চোরদের ধাওয়া দেন। এসময় পাল্টা চোরেরা বাড়ির লোকজনদের হামলা চালিয়ে পিটুনি দেয়। এতে চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বলেন, আমি ও আমার ছেলে মোঃ নুর আলম বাড়ির বাংলা ঘরে ঘুমাই। ভোরে ডাক চিৎকার শুনে আমিসহ আমার পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘরে গিয়ে দেখি এলাকার চিহ্নিত চোরেরা আমার ঘরে রক্ষিত পাঁচ লাখ টাকা ভর্তি ব্যাগসহ একটি মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এসময় আমরা বাধা দিলে চোরেরা সংঘবদ্ধ হয়ে আমাদের মারপিট করে দ্রুত পালিয়ে গেছে। আমরা তাদেরকে চিনতে পেরেছি। আমি বাদী হয়ে তাদের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে থানার উপ-পরিদর্শক মো. আবু হানিফাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।