সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার ( সিগারেট তৈরীর কাঁচামাল) জব্দ করা হযেছে।
মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মো. এরশাদূর রহমানের গুদাম ঘর থেকে এই নিষিদ্ব পন্য সামগ্রী জব্দ হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে, ৩৩১ টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।
কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ জানান, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেরে গুদামে থাকা লোকজন পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা যায়নি। তবে এরশাদূর রহমানের গুদাম ঘর থেকে ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ করা হয়।
তিনি আরও জানান, মো. এরশাদূর রহমান রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। জব্দকৃত অবৈধ পথে আনা ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ বলেন, আমরা ও শুনেছি। ছাত্রদলের কোন নেতা কিংবা কর্মী চোরাকারবারিসহ যে কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স দেখানো হবে। রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. এরশাদূর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে ।