শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্ব ফুটবলের উদীয়মান ও ভবিষ্যৎ তারকাদের বেছে নিয়েছেন স্পোর্টিং কিংবদন্তি লিওনেল মেসি। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের বহুল আলোচিত ‘মেসি+১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে বিশ্বের সেরা ১০ জন সম্ভাবনাময় তরুণ ফুটবলারের নাম প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা। রোববার (১১ অক্টোবর) শুরু হওয়া এ প্রচারণায় স্থান পেয়েছেন সাতজন পুরুষ ও তিনজন নারী ফুটবলার। তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
মেসির নির্বাচিত পুরুষ ফুটবলারদের তালিকায় রয়েছেন আর্সেনালের ১৬ বছর বয়সী বিস্ময়বালক ম্যাক্স ডাউম্যান, বোকা জুনিযরসের টমাস আরান্দা এবং মেক্সিকান ক্লাব তিজুয়ানার গিলবার্তো মোরা। এদের মধ্যে গিলবার্তো মোরাকে পেতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলোর আগ্রহ নিয়ে গুঞ্জন চলছে। এ ছাড়া তালিকায় রয়েছেন তুরস্কের কান উজুন, যুক্তরাষ্ট্রের জাভিয়ার গুজো, স্পেনের হেসুস রদ্রিগেস এবং নেদারল্যান্ডসের কিস স্মিট।
নারী ফুটবলারদের মধ্যে জায়গা করে নিয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ক্লোয়ি সারয়, অলিম্পিক লিওঁর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিওভানা ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গের লোটা ফ্রিডে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম মৌসুমে বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং পরবর্তী মৌসুমে নিকো পাজ ও রিও এনগুমোহার মতো বিশ্বমানের উদীয়মান প্রতিভাদের দিকনির্দেশনা দিয়েছিলেন মেসি।