বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অনলাইনে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত দুজন হলেন—লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও বিশেষ অপরাধ বিভাগ দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। ডিবি পুলিশের রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা রাজধানীর পল্লবীর একটি বাসায় বসে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী সামগ্রী তৈরি ও প্রচার করছিলেন। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির পুনরুত্থানের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।