সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাঙালির রসনাবিলাসে শেষ পাতে একটু মিষ্টি না হলে ভোজ যেন অসম্পূর্ণই থেকে যায়। উৎসবের আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে দোকানের মিষ্টির চেয়ে ঘরে তৈরি পদের কদর বরাবরই আলাদা। রসগোল্লা বা সন্দেশের বাইরে গিয়ে খুব সহজে এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় নরম ও দারুণ সুস্বাদু চালের মিষ্টি।
প্রয়োজনীয় উপকরণ:
চাল: দেড় বাটি
দেশি ঘি: আধা কাপ
দুধ: দেড় কাপ
গুঁড়া দুধ: দেড় কাপ
নারকেলের গুঁড়া: দেড় কাপ
চিনি: দেড় কাপ
এলাচ: ৩-৪টি (গুঁড়া করা)
জাফরান: সামান্য
পেস্তাবাদাম কুচি: সাজানোর জন্য (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালি:
প্রথমে চাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর পাত্রে চাল ও দুধ দিয়ে মৃদু আঁচে পুরোপুরি নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার বা পাটায় এমনভাবে পিষে নিন, যাতে কোনো গোটা দানা না থাকে।
এরপর কড়াইয়ে ঘি গরম করে চালের মিশ্রণ দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হতে শুরু করলে চিনি ও এলাচ গুঁড়া যোগ করে ভালো করে মিশিয়ে নিন। চিনি গলে এলে নারকেলের গুঁড়া ও গুঁড়া দুধ দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। সবশেষে সামান্য জাফরান মিশিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে আসে।
মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে হাতে একটু ঘি মেখে নিয়ে ছোট ছোট বল বা পেড়ার আকার দিন। ওপরে পেস্তাবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন। মিষ্টিটি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এর স্বাদ ও গঠন আরও আকর্ষণীয় হয়।