বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। এ লক্ষ্য অর্জনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি সামাজিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে থাকার প্রত্যয় জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিস্তারিত স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন।
স্ট্যাটাসে ঢাকা-৬ আসনের বাসিন্দাদের উদ্দেশে তিনি লেখেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই।” তিনি উল্লেখ করেন, অত্যধিক ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে সাধারণ জনগণকে সম্পৃক্ত না করে কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। প্রস্তাবিত সংগঠনটি মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেবে এবং একই সঙ্গে প্রশাসনের সহযোগিতাও গ্রহণ করবে।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি পদক্ষেপেই থানা-পুলিশের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রাখা হবে।
এ উদ্যোগের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে ইশরাক হোসেন লেখেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধী চক্র এবং কিছু গণমাধ্যম বা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজ এই মহৎ উদ্যোগকে বানচাল করার অপচেষ্টা চালাতে পারে। তবে কোনো ষড়যন্ত্রই তাঁর পথচলা থামাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর দেওয়া মৃত্যু ছাড়া কোনো কুচক্রী বা অপরাধী চক্র তাঁকে রুখতে পারবে না। একই সঙ্গে দেশপ্রেমিক নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ইতিবাচক ও নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।