বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে সিফাত মিয়া (১৬) নামের এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানিখং এলাকার নদীঘাটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত মিয়া একই ইউনিয়নের কাঁকড়াকান্দা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিফাত সম্প্রতি উপজেলার বহেরাতলী গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে খালাতো ভাই আলী হাসানের সঙ্গে রানিখং এলাকার ঘাট দিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে ভেসে যেতে থাকে সিফাত।
এ সময় খালাতো ভাই আলী হাসান তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালায় এবং দ্রুত একটি বাঁশ বাড়িয়ে দিয়ে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু পাহাড়ি ঢল ও তীব্র স্রোতের কারণে বাঁশ আঁকড়ে ধরে রাখতে ব্যর্থ হয়ে চোখের পলকেই তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয়রা এগিয়ে এসে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহত কিশোরের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।