রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বলিউডের নন্দিত অভিনেত্রী ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত এবং খ্যাতনামা কার্ডিওভাসকুলার সার্জন ডা. শ্রীরাম নেনের দাম্পত্য জীবন ২৭ পূর্ণ করল। কোটি ভক্তের হৃদয় ভেঙে ১৯৯৯ সালের ১৭ অক্টোবর পারিবারিকভাবে সাতপাকে বাঁধা পড়ার পর বলিউড ছেড়ে সুদূর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ সংসার জীবনের চড়াই-উতরাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মাধুরীর বিশাল তারকাখ্যাতির পাশে নিজের অবস্থান নিয়ে সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ডা. শ্রীরাম নেনে।

সাক্ষাৎকারে স্ত্রীর ভূয়সী প্রশংসা করে ডা. নেনে বলেন, মাধুরী এমন এক বিরল প্রতিভা, যার জন্ম এক প্রজন্মে একবারই হয়। সবচেয়ে বড় বিষয়, এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও মানুষ হিসেবে ও ভীষণ সহজ-সরল ও মাটির কাছাকাছি। ওকে নিয়ে আমি সত্যিই ভীষণ গর্বিত।

দুজনের ভিন্ন পেশাগত জগৎ হওয়া সত্ত্বেও সম্পর্ক বজায় রাখার রহস্য নিয়ে তিনি জানান, তাঁরা দুজনই নিজ নিজ পেশায় যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। বিয়ের আগে তিনি মাধুরীর কোনো সিনেমাই দেখেননি, এমনকি তাঁর তারকাখ্যাতির গভীরতা সম্পর্কেও পুরোপুরি অবহিত ছিলেন না। তিন মাসের পরিচয় ও প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। মাধুরীকে মানুষ হিসেবে জানাটাই তাঁর কাছে প্রধান আকর্ষণ ছিল।

যুক্তরাষ্ট্রে থাকাকালীন বড় তারকাদের চিকিৎসা করার অভিজ্ঞতা থাকায় খ্যাতি সামলানোর বিষয়ে ডা. নেনের পূর্বধারণা ছিল। তবে মাধুরীর স্বামী হিসেবে পরিচিত হওয়া নিয়ে কখনোই তিনি নিরাপত্তাহীনতায় ভোগেননি। বরং রসিকতা করে তিনি বলেন, “এর একটা অপ্রত্যাশিত সুবিধা হলো, রেস্তোরাঁয় খুব সহজে টেবিল বুক করা যায়।” পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রে মাধুরী যখন গৃহকোণে সময় কাটিয়েছেন, তখন তিনি সেখানে একজন প্রতিষ্ঠিত কার্ডিয়াক সার্জন হিসেবেই পরিচিত ছিলেন। ফলে দুজনের নিজস্ব আত্মপরিচয় ও পারস্পরিক মর্যাদাবোধের ওপর ভিত্তি করেই দীর্ঘ ২৭ বছর ধরে অটুট রয়েছে তাঁদের সংসার।

১৯৮৪ সালে প্রয়াত তাপস পালের বিপরীতে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসা মাধুরী দীক্ষিত ‘তেজাব’, ‘রাম লক্ষণ’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’ কিংবা ‘খলনায়ক’-এর মতো অসংখ্য কালজয়ী ছবি উপহার দিয়েছেন। বর্তমানে দুই ছেলে আরিন ও রায়ানের জনক-জননী এই তারকা দম্পতি ২০১১ সালে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন এবং বর্তমানে মাধুরী পুনরায় নিয়মিত অভিনয়ে সময় দিচ্ছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com