রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

আমি এখন আইনিভাবে কথা বলব, নোটিশ প্রসঙ্গে শরীফুল রাজ

আমি এখন আইনিভাবে কথা বলব, নোটিশ প্রসঙ্গে শরীফুল রাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘ঠিকানা’ নামের নতুন চলচ্চিত্রের শুটিং শিডিউল সংক্রান্ত জটিলতায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। শনিবার (৩১ অক্টোবর) প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের চূড়ান্ত শিডিউল না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, প্রযোজক শাহরিন আক্তারের প্রযোজনায় এবং জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘ঠিকানা’ সিনেমাটি। এতে চুক্তিবদ্ধ হওয়ার সময় সিনেমাটি আসন্ন ঈদে অথবা ঈদের পরবর্তী সুবিধাজনক কোনো সময়ে মুক্তি পাবে বলে উল্লেখ করা হলেও নির্দিষ্ট কোনো দিনক্ষণ চূড়ান্ত ছিল না। প্রযোজকপক্ষের অভিযোগ, সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও রাজ যথাসময়ে শিডিউল দিয়ে সহযোগিতা করছেন না।

এদিকে আইনি নোটিশ পাওয়ার পর নীরবতা ভেঙে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শরীফুল রাজ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি গণমাধ্যমে তিনি বলেন, একবার টাকার কথা বলা হচ্ছে, আমি নাকি টাকা দিচ্ছি না; আবার বলা হচ্ছে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর শিডিউল চাইলে তো অবশ্যই দেব। আমার ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দিইনি—এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।

ঈদে মুক্তির পরিকল্পনায় অসহযোগিতার অভিযোগ প্রসঙ্গে রাজ জানান, চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের ২ নম্বর অনুচ্ছেদেই উল্লেখ আছে—সিনেমাটি ঈদে অথবা ঈদের পর মুক্তি পাবে। রাজের ভাষ্য, চুক্তিতে কোথাও বলা নেই যে আমি অন্য কোনো সিনেমা করতে পারব না বা সিনেমাটি কেবল ঈদেই আসবে। আমি বছরে একটি কাজ নিয়ে বসে থাকতে পারি না। পেশাগত জায়গায় শিডিউল সমন্বয়ের বদলে এমন আইনি নোটিশ পাঠানো আমাকে রীতিমতো হতবাক করেছে।

প্রযোজক ও পরিচালকের প্রতি সম্মান জানিয়ে রাজ আরও বলেন, যেহেতু তারা পেশাদার আলোচনার পথ ছেড়ে নোটিশ পাঠিয়েছেন, তাই এখন আমিও বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করব।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com