রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দীর্ঘ প্রক্রিয়া শেষে দেশে পৌঁছেছে। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁয় এবং অন্য দুজনের বাড়ি নাটোর জেলায়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ধারিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়।

নিহত প্রবাসীরা হলেন—নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন; আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী। এছাড়া অন্য দুজন হলেন নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম এবং খাজুরা গ্রামের শরিফ হোসেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রিয়াদের মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। এর মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট প্রথম দফায় দেশে পাঠানো হয়। তবে এই সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জটিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে তাঁদের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রিয়াদস্থ শ্রম কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মরদেহগুলো বিশেষ অ্যাম্বুলেন্সযোগে সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় আনা হয়েছে। বিমানবন্দর থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com