রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

কারিগরিতে অর্ধেকের বেশি ফেল

কারিগরিতে অর্ধেকের বেশি ফেল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বড় ধরনের ছন্দপতন ঘটেছে। এবার এই বোর্ডে পাস করেছে মাত্র ৪৯ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী; অর্থাৎ অর্ধেকের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে মাত্র ৮৮৬ জনে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের তুলনায় কারিগরি বোর্ডে পাসের হার কমেছে ১৩ দশমিক ১৪ শতাংশ। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবার পাসের হার যেমন আশঙ্কাজনকভাবে কমেছে, তেমনি জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে প্রায় অর্ধেকে। দুই বছরের ব্যবধানে ফল বিপর্যয়ের চিত্র আরও স্পষ্ট; ২০২৪ সালে যেখানে পাসের হার ছিল ৮৮ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৯২২ জন, সেখানে এবার পাসের হার কমেছে প্রায় ৩৯ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৮০ শতাংশের বেশি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় মোট ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২ হাজার ৯৪৭ জন; অনুপস্থিত ছিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৮৮৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৫২ হাজার ৫৮ জন শিক্ষার্থী।

তবে সার্বিক ফলাফলে ছাত্রদের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা। কারিগরি বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার মাত্র ৪৪ দশমিক ৬৮ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৩৩ হাজার ৯৯ জন ছাত্র ও ১৭ হাজার ৭৯০ জন ছাত্রী।

বিশেষ করে সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। মোট জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৭০৬ জনই ছাত্রী, বিপরীতে ছাত্র মাত্র ১৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া প্রতি পাঁচজন শিক্ষার্থীর চারজনই ছাত্রী।

উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জাতীয়ভাবে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। যেখানে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ, সেখানে কারিগরি বোর্ডের পাসের হার জাতীয় গড়ের চেয়েও নিচে নেমে গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com