বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলচ্চিত্রে নায়ক হওয়ার পেছনে অভিনয়দক্ষতার চেয়ে অর্থ ও রাজনৈতিক যোগাযোগের প্রভাব কতটা—এমন প্রশ্ন সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। প্রযোজক থেকে নায়ক বনে যাওয়া এবং শিল্পী পরিচয় পেতে রাজনৈতিক দালালির আশ্রয় নেওয়া ব্যক্তিদের তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে পোস্টে কারও নাম উল্লেখ না করায় তাঁর এই তির্যক মন্তব্যের লক্ষ্য কে বা কারা, তা নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানী দাবি করেন, অর্থ বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিল্পী হতে চাওয়া ব্যক্তিদের কেউই সফল নন।
ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, প্রযোজক থেকে যারা টাকার কারণে হিরো হয়েছেন, কেউ সাকসেস না। এবং যারা রাজনৈতিক দালাল হয়েছেন আর্টিস্ট হওয়ার জন্য, তারা ব্যর্থ কুকুরের মতো। ক্ষমতা পেলেই চেয়ারে বসতে হয়, গালাগালি করতে হয়—তাই দেখছি।
শুধু অর্থ বা রাজনৈতিক পরিচয়ের ব্যবহার নিয়েই থেমে থাকেননি এই অভিনেতা; সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়ার প্রবণতা এবং নিজেদের ‘সুপারস্টার’ দাবি করা ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই পোস্টে সানী লেখেন, “শুধু ভাইরাল হওয়ার জন্য কেক কাটে, নিজেদের সুপারস্টার ভাবে? এক কথায় বলি, শুধু এফডিসি যাই ভালোবাসার জন্য।”
নিজের দীর্ঘ ক্যারিয়ার ও শিল্পীসত্তার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমি শিল্পী বলেই নিজের পার্সোনালিটি বজায় রাখছি। আমার সঙ্গে বসলে তোর চলচ্চিত্রের সিভি নিয়ে আয়।
ওমর সানীর এই বিস্ফোরক মন্তব্যের পর চলচ্চিত্র পাড়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে। পোস্টে নির্দিষ্ট কারও নাম না থাকায় তিনি কি বিশেষ কোনো অভিনেতা-প্রযোজককে ইঙ্গিত করেছেন, নাকি ঢালিউডের সামগ্রিক অস্থিরতা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন—তা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।