রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

জুলাই-আগস্ট সহিংসতা : জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে

জুলাই-আগস্ট সহিংসতা : জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই-আগস্টে অভ্যুত্থানের কারণে সংঘটিত সহিংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে। এ তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক। বুধবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

ফলকার টুর্ক বলেন, “তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হবে।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন যে, একই সময় আরও ছয়টি স্বাধীন কমিশনের প্রতিবেদন প্রকাশিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রতিবেদন একসঙ্গে প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়ক হবে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, সম্প্রতি মিয়ানমার থেকে নতুন করে লক্ষাধিক শরণার্থী আসায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন।

ফলকার টুর্ক রোহিঙ্গা সংকট সমাধানে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দেন এবং জানান, এ বিষয়ে তিনি জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com