রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বর্তমান সরকারের মেয়াদে এটিই প্রথম পুলিশ সপ্তাহ।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ থেকে শুরু হওয়া এই উৎসবমুখর কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।