বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বিশ্বকাপে গোলের বন্যার মাঝে বোস্টনে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। রেকর্ড ১৩৭তম গোল হওয়ার কিছুক্ষণ পরই টুর্নামেন্ট সাক্ষী হলো প্রথম গোলশূন্য ড্রয়ের। ঘানার শক্ত রক্ষণভাগ ভেদ করতে না পেরে ০-০ সমতায় মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের ইংল্যান্ডকে।
ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণ— সবক্ষেত্রেই আধিপত্য ছিল ইংল্যান্ডের। থ্রি লায়ন্সদের বল দখলের হার ছিল ৭৮.৮ শতাংশ, যা বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ। এমনকি ফুটবল পরিসংখ্যানে গোল করতে ব্যর্থ হওয়া কোনো দলের ক্ষেত্রেও এটিই সর্বোচ্চ বল দখলের রেকর্ড। প্রথমার্ধে বল দখল ৮০ শতাংশের কাছাকাছি থাকলেও কোনো দলই লক্ষ্যে শট রাখতে পারেনি, যা এই বিশ্বকাপে প্রথম।
দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় ইংল্যান্ড। তবে বুকায়ো সাকার জোরালো শট ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে অসাধারণ দক্ষতায় রুখে দেন। এরপর মরগান ও’রেইলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে এবং মার্ক গেহির আরেকটি হেড গোললাইন থেকে ক্লিয়ার করে ঘানার ডিফেন্ডাররা।
এই ড্রয়ে ঘানার জন্য নক-আউটের আশা আরও উজ্জ্বল হলো। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম টানা দুই ম্যাচে কোনো গোল না খাওয়ার কীর্তি গড়লো ‘ব্ল্যাক স্টারস’রা। অন্যদিকে ইংল্যান্ডের নামের পাশে যুক্ত হলো অনাকাঙ্ক্ষিত রেকর্ড। বিশ্বকাপে এটি তাদের ২৩তম ড্র এবং ১৩তম গোলশূন্য ম্যাচ— যা টুর্নামেন্টের ইতিহাসে যেকোনো দলের জন্য সর্বোচ্চ। বর্তমানে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এল’-এর শীর্ষে রয়েছে ইংল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে রানার্সআপ অবস্থানে ঘানা।