রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনই পুরোপুরি খুলে দিচ্ছে না ইরান। তেহরানের সাফ কথা—প্রণালি পুরোপুরি চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়াসহ বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে।
শনিবার (৮ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে নতুন ও স্থায়ী একটি নিরাপদ জাহাজ চলাচল রুট নির্ধারণে ইরান ও ওমানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে স্থায়ী রুট চূড়ান্ত না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী রুট নিয়ে কাজ চলছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার সচিব মোহাম্মদ বাগের জোলকদর জানান, প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ওপর নির্ভর করছে। ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি ও আগ্রাসন বন্ধ করা
ইরান ও তার আঞ্চলিক মিত্রদের (লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক) ওপর হামলা বন্ধ করা
অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং ক্ষতিপূরণ প্রদান করা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে আলোচনার ওপর প্রণালি খোলার বিষয়টি নির্ভর করে না, এটি পুরোটাই যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার ওপর নির্ভর করছে। অন্যদিকে, ওমান আলোচনাকে স্বাগত জানালেও প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি জটিল না করার আহ্বান জানিয়েছে।
ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এবং আরেকটি জাহাজে আগুনের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি (তেল ও গ্যাস) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘায়িত এ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বিশ্ব অর্থনীতিকে তীব্র চাপের মুখে ফেলেছে।